২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে বাণিজ্য উপদেষ্টা

রমজানে সব নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে

Admin Published: December 30, 2024, 10:59 pm
রমজানে সব নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে

স্টাফ রিপোর্টার : অন্তর্বতীকালীণ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আসছে রমজান সংশ্লিষ্ট সকল পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় বাজার স্থিতিশীল ও নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে।

রাজশাহী জেলায় এক লাখ জনগোষ্ঠীকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কেনার কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের দারিদ্র্যসীমার নিচে বাস করা প্রায় পাঁচ কোটি মানুষের মধ্যে অন্তত এক কোটি প্রকৃত দরিদ্র জনগণকে আমরা এর আওতায় আনতে চাই।

সোমবারবিকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রাজশাহী জেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।

ডতিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতার কারণে দরিদ্র সবাইকে টিসিবি কার্ড দেওয়া সম্ভব নয়। প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উপযুক্ত উপকারভোগী নির্বাচন করে টিসিবি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবে। সুবিধাভোগীদের নির্বাচনে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে হবে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে যারা টিসিবি কার্ড পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়ার ব্যবস্থা করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসময় বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়া। 

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘রমজান সংশ্লিষ্ট সকল পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় বাজার স্থিতিশীল ও নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে।’

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সভায় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।