স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজশাহী নগরী ও জেলার বাঘায় এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মীরগঞ্জে পারিবারিক কাজ শেষে মোটরসাইকেলযোগে লালপুরের দিকে যাচ্ছিল ওই দুজন। এ সময় মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিঁটকে রাস্তায় পড়ে যায় তারা। এ সময় আখ বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে তারা গুরুতর আহত হয়।
পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রাক ও আখ বহন করা ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
আহত রাবি শিক্ষকের মৃত্যৃ ॥ এদিকে সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন। তিনি জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।