স্টাফ রিপোর্টার : ট্রায়াল দেওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে চম্পট সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব। রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চক্রের সদস্যরা হলো, তেরখাদিয়া এলাকার আসাদুলের ছেলে ওয়াফিউল ইসলাম ওরফে রাতুল (২৬), সপুরা বটতলা এলাকার মজিব রহমানের ছেলে রায়হান সুইট (২৫) ও থালতাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মিজানুর রহমান (৩০)। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানয়, মোটরসাইকেলের মালিক তার ২৫০ সিসি জিক্সার বিক্রি করবে বলে সম্প্রতি ফেসবুক বিজ্ঞাপন দেয়। এতে সাড়া দিয়ে চক্রের হোতা রাতুল মোবাইলে কল দিয়ে মোটরসাইকেল ক্রয় করবে বলে জানায়। প্রেক্ষিতে বাইকের মালিক গত ১১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার খয়রাবাদ তাহেরনগর এলাকায় তাকে ডাকে। সেখানে সরাসরি কেনাবেচার কথাবার্তার একপর্যায়ে রাতুল মোটরসাইকেলটির গতি পরীক্ষার করার নাম করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মোটসাইলের মালিক গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, চক্রটি অনলাইন ও বিভিন্ন মাধ্যমে নানাবিধ প্রতারণার সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতরা একে অপরের যোগসাজশে অপকর্ম করে থাকে। আসামীদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়ছে।