১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

উপকূলে ঝোড়ো হাওয়া, কমতে পারে বৃষ্টি

Admin Published: September 25, 2026, 12:23 pm
উপকূলে ঝোড়ো হাওয়া, কমতে পারে বৃষ্টি

ডিএনএন ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজ শুক্রবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হলেও এর পরিমাণ খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই।


এসব তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি গত বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও এর কাছাকাছি উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থলে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। ফলে বাংলাদেশের ওপর এর প্রভাবও ধীরে ধীরে কমে আসতে পারে।



তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং গভীর সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গভীর নিম্নচাপটি এখন দুর্বল হয়ে যাওয়ার পথে। এটি ইতোমধ্যে স্থলভাগে উঠে এসেছে। ফলে এর শক্তি কমে আসছে। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বরিশালের একাংশ এবং খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।