স্টাফ রিপোর্টার : শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ আজ রাজশাহীতে অনুষ্ঠিত হলো। এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজিত এই প্রশিক্ষণ ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্লের সহযোগিতায়, সুফাসেক-ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশের (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল যৌন নির্যাতনের শিকার শিশুদের সনাক্তকরণ, অনুসন্ধান ও উদ্ধার প্রক্রিয়াকে আরও কার্যকর করা এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি প্রয়োগে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা।
প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েল উপস্থিত কর্মকর্তাদের স্বাগত জানান এবং শিশু সুরক্ষায় তাদের অবদানকে সমর্থন ও উৎসাহ দেন। প্রশিক্ষণ পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, রাজশাহী। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫ জন পুলিশ কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে যৌন নির্যাতনের শিকার শিশুদের সনাক্তকরণ, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে ব্যবহার করে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবেন। এই প্রশিক্ষণ শিশুদের প্রতি সহানুভূতি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাজশাহীতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বওে অংশগ্রহণকারীরা মনে করেন।