ডিএনএন ডেস্ক: অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই বাছ-বিচার করে অভিনয় করে যাচ্ছেন আইশা খান। চলতি বছরেও ছোট পর্দায় নতুন সব চরিত্রে দেখা মিলেছে এই তারকা অভিনেত্রীর। সম্প্রতি গ্লোবাল টিভি ইউটিউবে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া ‘গুড নিউজ’ নামে একক নাটকে তাঁর দেখা মিলেছে ভিন্ন রকম ও নতুন চরিত্রে।
এর কাহিনি লিখেছেন নিজামুদ্দিন রনি। পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতা আনান। এতে আইশা খানের বিপরীতে অভিনয় করেছেন সাদ নাওভি। এ ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আছেন চিত্রলেখা গুহ, নওশিন ইসলাম দিশা, পারভেজ সুমন, শহিদুন্নবী, এম এ সালাম, নিশাত মনি প্রমুখ। আইশা খান জানান, যে গল্প ও চরিত্র দর্শক মনে ছাপ ফেলতে পারবে বলে মনে হয়, অভিনয়ের জন্য সেগুলোই বেছে নিই।
‘গুড নিউজ’ তেমনই ভিন্ন রকম গল্পের নাটক, যার চরিত্রগুলোয় পাওয়া যায় চেনা জীবনের ছায়া। তাই এ নাটক অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন এ তারকা অভিনেত্রী।
এদিকে আইশা খান ব্যস্ত সময় পার করছেন আরও কিছু ভিন্ন রকম গল্প ও চরিত্রের নাটকের কাজ নিয়ে।