স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার একটি কলাবাগান থেকে মাহবুবুর রহমান (৪২) নামের এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার হাটগাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ সড়কের রামপুর গ্রামের কলাবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহবুবুর রহমান হাট মাধনগর মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর মাহবুবুর রহমান হাটমাধনগরের ঢাকের মোড় থেকে মচমইল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না হওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। শুক্রবার সকালে রামপুর গ্রামে রাস্তার পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করেন।
পুলিশ জানায়, নিহতের ঘাড়ের পেছনের অংশে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন, একজোড়া স্যান্ডেল ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। নিহতের দুটি মোবাইল নম্বর সচল অবস্থায় ছিল বলেও জানায় পুলিশ।
বাগমারা থানার ওসি সাইদুল আলম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#