স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় খাদ্যব্যবস্থার সুরক্ষা এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে অংশগ্রহণমূলক জলবায়ু ঝুঁকি মানচিত্রায়ন কার্যক্রম আয়োজন করেছে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)। অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় এসিডির কাল্টিভেটিং চেঞ্জ প্রকল্পের আওতায় শনিবার রাজশাহীর হোটেল ওয়ারিসানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে তানোর, গোদাগাড়ী ও রাজশাহী মহানগরীর কৃষি বিশেষজ্ঞ, নারী ও আদিবাসী কৃষক, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সংশি¬ষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় কৃষি, খাদ্য উৎপাদন, প্রাকৃতিক সম্পদ ও গ্রামীণ জীবিকায় সৃষ্ট প্রভাব চিহ্নিত করা এবং স্থানীয় বাস্তবতার আলোকে সম্ভাব্য সমাধান খুঁজে বের করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান, একই বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দীপেন্দ্রনাথ দাসসহ অন্যান্য কৃষিবিদ ও সংশি¬ষ্ট অংশীজন।
অংশগ্রহণমূলক মানচিত্রায়ন, দলীয় আলোচনা ও সমস্যা বিশে¬ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্থানীয় কৃষি ও খাদ্যব্যবস্থার প্রধান জলবায়ু ঝুঁকিগুলো চিহ্নিত করেন। এর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত, মাটির ক্ষয়, পানির সংকট, কৃষিজমি ও প্রতিবেশের অবক্ষয়, মানসম্মত বীজের সীমিত প্রাপ্যতা এবং কৃষি উৎপাদন ও জীবিকার ওপর ক্রমবর্ধমান চাপ।
কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও কৃষকদের অভিজ্ঞতার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান বলেন, “কৃষিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় বাস্তবতাভিত্তিক ও বিজ্ঞানসম্মত সমাধান প্রয়োজন। কৃষকদের অভিজ্ঞতা ও ঐতিহ্যগত জ্ঞানকে যথাযথ গুরুত্ব দিয়ে কৃষি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। এর মাধ্যমে আরও টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”
কৃষি-পরিবেশবান্ধব পদ্ধতির গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, “স্থানীয় খাদ্যব্যবস্থা শক্তিশালী করা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে কৃষকদের খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে কৃষি-পরিবেশবান্ধব পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কার্যকর অভিযোজন উদ্যোগ গ্রহণের জন্য কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”
প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক দীপেন্দ্রনাথ দাস বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা শুধু কৃষকদের একার পক্ষে সম্ভব নয়। টেকসই সমাধানের জন্য কৃষক, কৃষি বিশেষজ্ঞ, সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।”
এ সময় নারী ও আদিবাসী কৃষকরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে জানান, খরা, পানির সংকট এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে কৃষিকাজ দিন দিন কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় মানসম্মত বীজের সহজলভ্যতা, উন্নত পানি ব্যবস্থাপনা, স্থানীয় উপযোগী কৃষিপ্রযুক্তি এবং কৃষি প্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তাঁরা তুলে ধরেন।
অংশগ্রহণমূলক মানচিত্রায়নের মাধ্যমে স্থানীয় ঝুঁকিপূর্ণ এলাকা, পানির উৎস, কৃষিজমি, বীজ সংরক্ষণ এলাকা এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ চিহ্নিত করা হয়। পাশাপাশি সমস্যার কারণ ও প্রভাব বিশে¬ষণ করে জলবায়ু-সহনশীল কৃষি, দেশীয় বীজ সংরক্ষণ, টেকসই পানি ব্যবস্থাপনা, প্রতিবেশ পুনরুদ্ধার এবং কৃষকদের সঙ্গে কৃষি প্রতিষ্ঠানের কার্যকর সংযোগ জোরদারের বিষয়ে সুপারিশ উঠে আসে।
আলোচনায় বিশেষভাবে নারী ও আদিবাসী কৃষকদের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, কৃষি অভিযোজন পরিকল্পনা এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ কার্যক্রমে প্রাপ্ত তথ্য, অভিজ্ঞতা ও সুপারিশ ভবিষ্যতে প্রকল্প পরিকল্পনা, কৃষি-পরিবেশবান্ধব উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজনবিষয়ক কার্যক্রম ও জনসম্পৃক্ততা জোরদারে সহায়ক হবে।
উলে¬খ্য, অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় এসিডি বাস্তবায়িত কাল্টিভেটিং চেঞ্জ প্রকল্পের মাধ্যমে তানোর ও গোদাগাড়ী অঞ্চলে বিশেষ করে নারী ও আদিবাসী কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, স্থানীয়ভাবে পরিচালিত কৃষি-পরিবেশবান্ধব চর্চার প্রসার এবং জলবায়ু-সহনশীল কৃষি ও জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।