১ অগ্রহায়ণ, ১৪৩৩
১৫ নভেম্বর, ২০২৬
News Banner

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

Admin Published: November 14, 2026, 6:52 pm
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সাথে শিক্ষা অর্জন করে আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জীবনে বড় হওয়ার জন্য সময়ানুবর্তিতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা শহিদ ডিআইজি মামুন মাহমুদের মহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে প্রতিষ্ঠানের আগামী দিনের অনুষ্ঠানগুলোতে শহিদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের সম্মানের সাথে আমন্ত্রণ জানানোর আহ্বান জানান।

শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ ঘটাতে ক্যাম্পাসের ভবনগুলোর নামকরণ প্রসঙ্গে মন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং স্যার জগদীশ চন্দ্র বসুর অবদান স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, স্যার জগদীশ চন্দ্র বসু প্রথম আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে এবং অক্সিজেন-কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে।

রাজশাহীর কৃতি সন্তানদের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ট্রাইব্যুনালে রাজশাহীর সন্তান প্রখ্যাত বিচারক জিএন রায় (জয়ন্ত কুমার রায়) হিরোশিমা ও নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এছাড়া শিকাগো টাওয়ারের নকশায়ক স্থপতি এফ আর রহমানের (ফজলুর রহমান খান) মতো ব্যক্তিত্বদের উদাহরণ দিয়ে তিনি তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের মেধা বিকাশ করার তাগিদ দেন।

প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের সুবিধার জন্য অচিরেই একটি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বাস বরাদ্দের চেষ্টা করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর অভিমত ব্যক্ত ও মেধার প্রশংসা করেন ভূূমিমন্ত্রী। তিনি বিশেষ করে বিজ্ঞান শাখার শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন এবং জান্নাতুল মাওয়াকে মাইক ব্যবহারের কৌশল সম্পর্কে স্নেহপূর্ণ পরামর্শ দেন।

আরএমপি কমিশনার ও পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক  মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।