৩০ আশ্বিন, ১৪৩৩
১৫ অক্টোবর, ২০২৬

ঐশ্বরিয়ার ‘ফলোয়িং’ একজন, তিনি কে?

Admin Published: October 14, 2026, 1:47 pm
ঐশ্বরিয়ার ‘ফলোয়িং’ একজন, তিনি কে?

ডিএনএন ডেস্ক: ইনস্টাগ্রামে প্রায় দেড় কোটি অনুরাগী তার। বিশ্বজুড়ে অগণিত ভক্ত প্রতিদিন সামাজিক মাধ্যমে তার চোখধাঁধানো রূপের এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন। আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় এই বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন নিজে ইনস্টাগ্রামে কাকে কাকে অনুসরণ করেন—এমন প্রশ্ন ওঠার পর তার অ্যাকাউন্টের ‘ফলোয়িং’ তালিকা দেখে চমকে গেছেন নেটিজেনরা। প্রায় ১৪.৮ মিলিয়ন ফলোয়ার থাকা সত্ত্বেও এই তারকা নিজের অ্যাকাউন্ট থেকে মাত্র একজনকে অনুসরণ করে রেখেছেন।


সবাইকে অবাক করে দেওয়ার মতো বিষয় হলো, তার ফলোয়িং তালিকায় বলিউডের অন্য কোনো বড় তারকা তো দূর, এমনকি শ্বশুর অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো নামও নেই।


ঐশ্বরিয়ার অনুসরণ করা সেই একমাত্র ব্যক্তিটি হলেন তার স্বামী অভিষেক বচ্চন। প্রায় তিন দশক ধরে রুপালি পর্দায় রাজত্ব করা এই অভিনেত্রী বিশ্বজুড়ে আকাশছোঁয়া খ্যাতি সত্ত্বেও ইনস্টাগ্রামে শুধু তার স্বামীকেই ফলো করেন। উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক-ঐশ্বরিয়া দম্পতি। তাদের একমাত্র কন্যাসন্তান আরাধ্যা।


অন্যদিকে, সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় অভিষেক বচ্চন। তার অনুসরণকারীর সংখ্যা ১ কোটি ২১ লাখের বেশি। তবে স্ত্রীর মতো তিনি মাত্র একজনে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। অভিষেকের ফলোয়িং তালিকায় রয়েছেন ৩২৯ জন সদস্য। সেখানে স্ত্রী ঐশ্বরিয়া ও বাবা অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান ও আলিয়া ভাটের মতো ইন্ডাস্ট্রির একাধিক প্রথম সারির তারকা স্থান পেয়েছেন।


সোশ্যাল মিডিয়ায় শ্বশুর অমিতাভ বচ্চনকে ফলো না করলেও বিশেষ দিনগুলোতে শুভেচ্ছা জানাতে ভুল করেন না ঐশ্বরিয়া। গত ১১ অক্টোবর ছিল অমিতাভ বচ্চনের জন্মদিন। সেই বিশেষ দিনটিতে মেয়ে আরাধ্যা ও অমিতাভের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। অনেক ভালোবাসা। ঈশ্বরের আশীর্বাদ সব সময় আপনার ওপর থাকুক।’


উল্লেখ্য, ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’র মাধ্যমে রুপালি জগতে আত্মপ্রকাশ করেছিলেন এই বিশ্বসুন্দরী। একই বছর ববি দেওলের বিপরীতে ‘অউর প্যায়ার হো গয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী।


সূত্র: দ্য ওয়াল